অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল—একজন রোগীর বিলের পোস্টমর্টেম!

নিজস্ব প্রতিবেদক : হার্টের অসুখ নিয়ে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি হয়েছিল ১৩ বছরের কিশোরী মরিয়ম আকতার। চিকিৎসাধীন ছিল টানা আট দিন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে সে। একদিকে প্রিয় সন্তানকে হারানোর শোক, অন্যদিকে হাসপাতালের হাতে ধরিয়ে দেওয়া বিশাল অঙ্কের বিল—দুইয়ে মিলে বিপর্যস্ত পরিবারটি।

মরিয়মের মৃত্যুর পর স্বজনদের হাতে আসে হাসপাতালের বিল। সেখানে আট দিনের চিকিৎসা বাবদ মোট বিল করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ১১ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রায় ৪৪ হাজার ২৫১ টাকা করে খরচ দেখানো হয়েছে।

প্রশ্ন উঠেছে—একজন ১৩ বছর বয়সী কিশোরীর মাত্র আট দিনের চিকিৎসায় এত বড় অঙ্কের বিল কীভাবে হলো?

স্বজনদের অভিযোগ, রোগীর চিকিৎসা নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ ছিল না। কিন্তু মৃত্যুর পর বিল হাতে পেয়ে তারা নতুন করে বিস্মিত হন। তাদের প্রশ্ন, চিকিৎসার যেসব খাতে টাকা নেওয়া হয়েছে, এসব খরচের যৌক্তিকতা কতটুকু?

শুধু মোট বিলের অঙ্ক নয়, এখন সামনে আসছে বিলের প্রতিটি খাত খতিয়ে দেখার বিষয়। বিলে সার্ভিস বাবৎ ২৫০ টাকা ধরা হলেও আবার সার্ভিস চার্জ বাবৎ ২৩ হাজার ৭২ টাকা দেখানো হয়েছে। ৮ দিনে বেড চার্জ বিল বাবৎ ৭১ হাজার ৮০০ টাকা, সাথে কনজিউমেবল (উপভোগ্য বা ভোগ্য পণ্য) বিল ধরা হয়েছে ৩৩ হাজার ১২১ টাকা। আবার প্রসিডিউর (কার্যপ্রণালী) বিল ধরা হয়েছে ১১ হাজার ৩০০ টাকা। এখানে প্রশ্ন থেকে যায়, দৈনিক ৮ হাজার ৯৭৫ টাকা বেড চার্জ নেওয়ার পর কনজিউমেবল ও প্রসিকিউর খাতে আবার আলাদা বিল হবে কেন? কারণ কোনো আবাসিক হোটেলে ৮ হাজার বিলে রাতযাপন করলেও কনজিউমেবল খাতে কোনো বিল নেওয়া হয় না। তাহলে হাসপাতালে বেড চার্জে আনুসাঙ্গিক বিল কেন হবে?

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—রোগীর মৃত্যু হয়েছে বলেই বিল নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। চিকিৎসা ব্যয় হওয়া স্বাভাবিক। জীবন রক্ষায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থও ব্যয় হতে পারে। কিন্তু সেই ব্যয়ের প্রতিটি খাত যদি রোগীর স্বজনের কাছে পরিষ্কার থাকে, তাহলে প্রশ্ন ও বিভ্রান্তির সুযোগ কমে যায়। মরিয়মের পরিবার এখন সেই স্বচ্ছ হিসাবই চাইছে।

একজন কিশোরীকে হারানোর শোক কোনো অর্থমূল্যে মাপা সম্ভব নয়। কিন্তু মৃত্যুর পর হাতে আসা ৩ লাখ ৫৪ হাজার ১১ টাকার বিল স্বজনদের সামনে নতুন একটি প্রশ্ন দাঁড় করিয়েছে—চিকিৎসার নামে কেন নানা খাত দেখিয়ে এত বিশাল অঙ্কের বিল নেওয়া হবে?

একজন রোগী, আট দিনের চিকিৎসা আর ৩ লাখ ৫৪ হাজার ১১ টাকার বিল—এই বিলের ভেতরে কতটুকু অতি বাণিজ্য লুকিয়ে আছে তা প্রশাসনকে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন মরিয়ামের স্বজনরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top