গুণী নির্মাতাদের সম্মান জানিয়ে বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আমন্ত্রিত অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, অনেক পরিচালকের সঙ্গে এই প্রজন্মের অনেকের যোগাযোগ নেই। গুণী নির্মাতাদের চলচ্চিত্র দেশের চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই পরিচালক সমিতির পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে।

সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, যাদের অবদানে দেশের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। আবার অনেকে স্বীকৃতি পেয়েছেন। পরিচালক সমিতির পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা জানানো হয়েছে।

তিনি বলেন, প্রতি বছর ৩ আগস্ট ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ পালনের চেষ্টা থাকবে। কারণ এই দিনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দীঘি। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top