চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলা ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন চাক্তাই খালের পশ্চিম পাশে বালুর মাঠসংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের মহেশখালী উপজেলার আবু বক্কর সিদ্দিক প্রকাশ শেখান (৪৫), আবদুল হক (২৪) ও নুরুল ইসলাম জাহেদ (১৬)।
পুলিশের তথ্যমতে, একটি কার্গো বোটে করে ইউরিয়া সারগুলো মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোটটি থেকে ৪০০ বস্তা সার উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
অভিযানের পর জব্দ করা সার ও কার্গো বোটটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলা ইউরিয়া সারগুলো জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






