উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আভিযানিক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ৮-এপিবিএনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
এপিবিএন সূত্রে জানা গেছে, সভায় রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন অধিনায়ক। একই সঙ্গে মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আভিযানিক কার্যক্রম আরও জোরদার এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে।
সভায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্যও দেন অধিনায়ক। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে কর্মকর্তা ও ফোর্স সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বলেন, জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সমস্যায় পড়ে জীবন বিলিয়ে দেওয়া বা আত্মহত্যা করা কোনো সমাধান নয়। আত্মহত্যা কোনো ধর্মেই সমর্থন করে না। আত্মহত্যার কারণে শুধু একটি জীবনই শেষ হয় না, ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার।
তিনি আরও বলেন, ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বা অন্য যেকোনো সমস্যায় পড়লে প্রয়োজনে সরাসরি আমাকে অবগত করবেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





