রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পুরুষকে তিন মাস এবং নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত পুরুষ হলেন রাজস্থলী উপজেলার হাজীপাড়া গ্রামের ইউছুপ (৫৫)। আর ওই নারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার রাতে আমছড়াপাড়া বাসস্টেশনসংলগ্ন একটি ভাতের হোটেলে ইউছুপের সঙ্গে ওই নারী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যান।
উপজেলা প্রশাসন জানায়, ওই নারী এর আগেও কয়েকটি অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এছাড়া রবিবার রাতের ঘটনায় ইউছুপের সঙ্গে ওই নারীর সম্পৃক্ততার বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
পরে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ইউছুপকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। একই ঘটনায় ওই নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, আটকের সময় ইউছুপ মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন





