বিয়ের ৩ মাসেই মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বিয়ের মাত্র তিন মাসের মধ্যে চাঁদ মনি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চাঁদ মনি উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের ওসমান ও রহিমা দম্পতির মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোরকঘাটা চরপাড়া এলাকার মৃত হামিদের ছেলে শাহিন আলমের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়ে করেন চাঁদ মনি।

নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে চাঁদ মনির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। তাদের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা নয়; পরিকল্পিতভাবে গলা টিপে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতান সন্ধ্যায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top