পদ্মা অয়েলের আলোচিত সেই ‘পিয়ন’ নাছিরের কারাদণ্ড
জরিমানা পৌনে ৩ কোটি 

চাটগাঁ নিউজ ডেস্ক: মাত্র ২৩০ টাকা মূল বেতনে পিয়ন পদে চাকরি শুরু করে অস্বাভাবিক অংকের কোটিপতি বনে যাওয়া পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে রায়টি প্রকাশ করা হয়।

রায় ঘোষণার সময় আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের রায়ে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় আসামিকে ১ লাখ টাকা জরিমানা এবং ২৭(১) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অবৈধভাবে অর্জিত ২ কোটি ৭২ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অর্থদণ্ড অনাদায়ে আসামিকে অতিরিক্ত আরও ১ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত নির্দেশে অবৈধভাবে অর্জিত সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন।

বিচার চলাকালে আসামি নাছির উদ্দিন আদালতে উপস্থিত থাকলেও চূড়ান্ত রায় ঘোষণার দিন তিনি পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও আইনি সূত্র।

দণ্ডিত নাছির উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে এবং পদ্মা অয়েল কোম্পানি পিএলসির সিবিএ সাধারণ সম্পাদক ছাড়াও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

আরো জানা গেছে, ১৯৮৬ সালে পিয়ন পদে স্থায়ী হওয়া নাছির প্রশাসনিক প্রভাব খাটিয়ে দ্রুত পদোন্নতি পেয়ে সিবিএ রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেন।

পরে ২ কোটি ১৬ লাখ ৫০ হাজার ৭৬৭ টাকার সম্পদ গোপন ও ২ কোটি ৭২ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়ে ২০২৩ সালের ২ নভেম্বর চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করে দুদক।

অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে এই ঐতিহাসিক সাজা বহাল রাখেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top