চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৯

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১১ জন এবং ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন রয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৫২৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে এ সময়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬২ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top