পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল এলাকায় পটিয়া বাইপাস সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে থাকা পোশাক ও উদ্ধার হওয়া অন্যান্য আলামতের ভিত্তিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top