আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় সরকারি খাস জমি দখল করে বিভিন্ন দোকান ও স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পারকি সমুদ্রসৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে পারকি সমুদ্রসৈকতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় দুই আরোহীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, ‘পারকি সমুদ্রসৈকত একটি জনপ্রিয় পর্যটন এলাকা। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটকেরা আসেন। পর্যটকদের চাহিদা মেটাতে বিভিন্ন দোকান গড়ে উঠেছে। তবে কিছু চক্র সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে।’
তিনি বলেন, অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ ও সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পারকি সৈকত এলাকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





