ক্রীড়া ডেস্ক: ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (প্রথম একাদশ ও দ্বিতীয় একাদশ) ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. জিয়াউদ্দিন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।
এবারের জাতীয় ক্রিকেট লীগের প্রথম একাদশের প্রতিযোগিতায় আটটি বিভাগীয় ক্রিকেট দল অংশ নেবে। চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতা আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। অন্যদিকে, দ্বিতীয় একাদশের আটটি বিভাগীয় দল নিয়ে তিন দিনের ম্যাচের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৭ অক্টোবর থেকে।
আসন্ন জাতীয় ক্রিকেট লীগকে সামনে রেখে গত ৩০ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের খেলোয়াড়দের কন্ডিশনিং ও স্কিল ক্যাম্প শুরু হয়েছে।
অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শিহাব উদ্দিন, বিসিবি চট্টগ্রামের ভেন্যু ম্যানেজার ও সাবেক খেলোয়াড় ফজলে বারী খান, বিসিবির কিউরেটর জাহিদ রেজা বাবু, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবু সামা বিপ্লব, চট্টগ্রাম বিভাগীয় প্রথম একাদশের প্রধান কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার নাজিম উদ্দিন, দ্বিতীয় একাদশের প্রধান কোচ মমিনুল হক, প্রথম একাদশের ট্রেইনার মো. মনিরুজ্জামান, দ্বিতীয় একাদশের ট্রেইনার ওয়াসিফ অর্নব, ফিল্ডিং কোচ রাজ কুমার ঘোষ, প্রথম একাদশের ম্যানেজার ও সাবেক খেলোয়াড় কাজী কামরুল ইসলাম এবং দ্বিতীয় একাদশের ম্যানেজার ও সাবেক খেলোয়াড় রায়হান উদ্দিন আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জিয়াউদ্দিন খেলোয়াড়দের শৃঙ্খলার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় ক্রিকেট লীগে চট্টগ্রাম বিভাগীয় দলের সাফল্য কামনা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বিসিবির পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় দলের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





