বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের জমজমাট ক্রিকেট সূচি

ক্রীড়া ডেস্ক: অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে আতিথ্য দিতে যাচ্ছে আফগানিস্তান। ব্যস্ত এই মৌসুমে তিন সংস্করণেই ম্যাচ খেলবে তারা। তবে সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এখনো ভেন্যুর নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানিস্তানের ব্যস্ত মৌসুম। এর ছয় দিন আগে জাপানে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। আফগানিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ শেষ হওয়ার পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে হবে তাদের।

এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন দলের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ। এতে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

ওয়ানডে সিরিজ শেষে ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর একই দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে তারা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ৫ থেকে ৯ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট ১৩ থেকে ১৭ নভেম্বর।

চলতি বছর এরই মধ্যে ভারতের বিপক্ষে নিউ চণ্ডীগড়ে একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেললে এ বছর তাদের মোট টেস্টের সংখ্যা দাঁড়াবে চারটিতে। এক পঞ্জিকাবর্ষে এটিই হবে আফগানিস্তানের সর্বোচ্চ সংখ্যক টেস্ট খেলার রেকর্ড।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান। এর মধ্যে একটিতে জয় পেয়েছে তারা, অন্যটিতে হেরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্টে আফগানিস্তানের জয় দুটি, হার দুটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আফগানিস্তান জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সূচি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন সংস্করণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার মূল্যবান সুযোগ দেবে। একই সঙ্গে সমর্থকদের জন্যও এটি আন্তর্জাতিক ক্রিকেটের দারুণ একটি সময় উপহার দেবে।

আমাদের জাতীয় দলকে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা অত্যন্ত মূল্য দিই। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো আয়োজন সম্ভব করতে সহযোগিতা করার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সূচি:

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট

৯–১৩ অক্টোবর

তিন দলের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ

১৭ অক্টোবর — বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

১৯ অক্টোবর — আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে

২১ অক্টোবর — আফগানিস্তান বনাম বাংলাদেশ

২৩ অক্টোবর — ফাইনাল

আফগানিস্তান–জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

২৭ অক্টোবর — প্রথম ম্যাচ

২৯ অক্টোবর — দ্বিতীয় ম্যাচ

১ নভেম্বর — তৃতীয় ম্যাচ

আফগানিস্তান–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

৫–৯ নভেম্বর — প্রথম টেস্ট

১৩–১৭ নভেম্বর — দ্বিতীয় টেস্ট

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top