চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাইমদ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযান শেষে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩৮০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, পরোয়ানামূলে ১০৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৩৩ জন।
মাদক মামলায় গ্রেপ্তারদের মধ্যে ৫২ জন মাদক ব্যবসায়ী এবং ৮১ জন মাদকসেবী।
ডিআইজি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে অর্থদণ্ড আদায় করা হয়েছে ২১ হাজার ১০০ টাকা।
অভিযানে ৭ হাজার ২৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৩ কেজি ৫৫৮ গ্রাম গাঁজা, ১৬৯ লিটার চোলাইমদ এবং ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় ৩৮টি মাদক মামলা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





