পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি জমিতে, আহত নারী

চাটগাঁ নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে গেছে। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে এক নারী পথচারী চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়।

এ সময় ফিরোজা নামে ওই নারী আহত হন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় এক পথচারী আহত হয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top