প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির দুর্ঘটনায় আহত ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনের নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন।

পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে এড়াতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানখেতে গিয়ে পড়ে।

এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই ঘটনায় আহত হন পথচারী ফিরোজা বেগমও। স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহত ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতাল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top