খুলশীতে পুলিশের অভিযানে হামলা, সুড়ঙ্গপথে পালালো সন্ত্রাসী বগা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশীতে কথিত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের মধ্যে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলায় বগাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

পুলিশ জানায়, বগাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের গতিরোধ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করেন। এতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একই সময় থানার ওসির সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযানের অংশ হিসেবে ওয়্যারলেস কলোনিতে বগার বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসার ভেতরে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। পুলিশের দাবি, অভিযানের খবর আগেই পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই সুড়ঙ্গপথ ব্যবহার করে বাসা থেকে পালিয়ে যান বগা।

পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়ার পর মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে তিনি পুলিশকে হুমকি দেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, শিক্ষককে মারধরের মামলার পাশাপাশি বগার বিরুদ্ধে অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছিল। অভিযানে হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top