আনোয়ারায় সিএনজি তল্লাশি, গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘীর মোড় এলাকায় একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে অটোরিকশাটিতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা হয়। একপর্যায়ে সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২টি বান্ডেলের সন্ধান পাওয়া যায়। স্কচটেপ দিয়ে মোড়ানো বান্ডেলগুলো খুলে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top