রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি জিআর ও তিনটি সিআর পরোয়ানাভুক্ত মো. জামাল উদ্দিন (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, গ্রেপ্তার জামাল উদ্দিন সরফভাটা ইউনিয়নের মৌলানা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জামাল উদ্দিন কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, কাঠ পাচার ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় দুইটি জিআর ও তিনটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব পরোয়ানা জারির পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তির আধুনিক সহায়তায় জামাল উদ্দিনের অবস্থান ও গতিবিধি শনাক্ত করা হয়। পরে বিশ্বস্ত সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





