চাটগাঁ নিউজ ডেস্ক: জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই যে শোকে পরিণত হতে পারে, তারই এক হৃদয়বিদারক দৃষ্টান্ত ঘটেছে চট্টগ্রামের সন্দ্বীপে। যে বাড়িতে বৃহস্পতিবারও ছিল বিয়ের আয়োজন, স্বজনদের আনাগোনা আর নতুন জীবনের স্বপ্ন, সেই বাড়িতেই কয়েক ঘণ্টার ব্যবধানে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের পর আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন নববিবাহিত যুবক মো. এরশাদ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসারগো বাড়িতে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এরশাদের বিয়ে হয়। বিয়েকে কেন্দ্র করে পরিবার ও স্বজনদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস। নতুন জীবন শুরুর আনন্দে তখন মুখর ছিল পুরো বাড়ি। নববধূর হাতেও ছিল বিয়ের মেহেদির রং।
তবে বিয়ের আনন্দ শেষ হতে না হতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরশাদ। স্থানীয়দের ভাষ্য, পরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। একপর্যায়ে তার মৃত্যু হয়।
এরশাদের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারজুড়ে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, সেই বাড়িতেই এখন চলছে কান্না আর স্বজনদের শোক।
সবচেয়ে হৃদয়বিদারক অবস্থায় পড়েছেন নববধূ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নতুন সংসারের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই স্বামীকে হারাতে হলো তাকে। হাতে থাকা মেহেদির রং পুরোপুরি শুকানোর আগেই জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন নববধূ।
এরশাদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
চাটগাঁ নিউজ/এমকেএন





