রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবদল খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. করিম, একই এলাকার মো. শফির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে কেরানী হাট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে করিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আরমান জানান, করিমকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বুকে ও মাথায় গুলির চিহ্ন এবং হাত, ঘাড় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় কাউকে প্রত্যক্ষভাবে দেখার কথাও স্থানীয়রা জানাতে পারেননি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিহতকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে নিহত করিমের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। জেলা পুলিশের তথ্যের বরাতে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সাড়ে ২২ মাসে উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সর্বশেষ ১৩ জুন পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ গুলিতে নিহত হন। এরপর বৃহস্পতিবার রাতে কেরানী হাট এলাকায় মো. করিম নিহত হলেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ





