কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের চন্দ্রঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক দুজনের কাছ থেকে ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানের একটির নেতৃত্ব দেন কাপ্তাই থানার এসআই মনতাজ এবং অপরটির নেতৃত্ব দেন পিএসআই হোসাইন।
আটক ব্যক্তিরা হলেন—সাবানা চাকমা (৩৬)। তিনি রাঙামাটি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তী এলাকার ব্রাহ্মণটিলা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত সুমন চাকমা এবং বাবা মৃত সুচি মোহন চাকমা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় বসবাস করেন।
অপর আটক ব্যক্তি প্রতি লাল চাকমা। তাঁর বাবা ভাগ্য চন্দ্র চাকমা এবং মা দয়া মালা চাকমা। তাঁর বাড়ি রাঙামাটির জুরাছড়ি উপজেলার কাঠালতলী এলাকায়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইমুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হচ্ছে। মামলার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






