বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ, দুই ফার্মেসিকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আগ্রাবাদ এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় ভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ইউনিক ফার্মেসি ও একেএস ফার্মেসিকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গত ৩০ আগস্ট চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে তদারকি করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মোড়কজাত পণ্যে প্যাকেটজাতকরণের তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটি বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়। বুধবার ওই জরিমানার টাকা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনোভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না। পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top