রাঙ্গুনিয়ায় বন বিভাগের অভিযানে দখলমুক্ত এক একর জমি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে প্রায় এক একর সরকারি প্রটেক্টিভ ফরেস্ট (পিএফ) ভূমি জবরদখলের হাত থেকে রক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইছামতী রেঞ্জের আওতাধীন ঠান্ডাছড়ি মৌজার ২০ নম্বর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সরকারি পিএফ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তবে বনকর্মীদের নিয়মিত নজরদারি ও টহলের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নিয়মিত টহলের সময় বন বিভাগের একটি দল দেখতে পায়, ওই চক্রটি গোপনে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানকে জানানো হলে তাঁর নির্দেশনায় ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

পরে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় সেখানে নির্মাণ করা অবৈধ স্থাপনা ও ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে স্থাপনাসহ প্রায় এক একর সরকারি পিএফ জমি জবরদখলমুক্ত করা হয়। এ সময় দখলদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top