চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে গড়ে তোলা অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, অভিযানের সময় ঘটনাস্থলে অস্ত্র তৈরির কাজে ব্যস্ত থাকা অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে ওয়ার্কশপটি তল্লাশি করে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো, এর সঙ্গে আর কারা জড়িত এবং কতদিন ধরে ওই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





