বোয়ালখালীতে জালে আটকে যাওয়া ১২ ফুটের অজগর উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বাগানের নিরাপত্তার জন্য জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকারী আমীর হোসাইন শাওন জানান, স্থানীয় লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে পরে ওই এলাকার কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা অজগরটি বার্মিজ প্রজাতির। এর ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য আনুমানিক ১২ ফুট।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top