চাটগাঁ নিউজ ডেস্ক: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের প্রতিটি ভূমি অফিসকে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু হবে। দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত সেবা দেওয়ার উপযোগী করে এসব কমপ্লেক্স নির্মাণ করা হবে।
আজ শনিবার (২৯ আগস্ট) হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে স্বস্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সঙ্গে সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই আপাতত এ ব্যবস্থা করা হয়েছে। সেবাকুঞ্জে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত কাজ করছে। তবে সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিক তদারকি ও মনিটরিং করা কঠিন। তাই সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিগ্রস্ত করার ঘটনা কোথাও ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন অনিয়ম, অবৈধ স্থাপনা ও অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য সাংবাদিকরা প্রশাসনের নজরে আনলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন। এছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ ছাড়া সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনও করেন প্রতিমন্ত্রী।
চাটগাঁ নিউজ/জেএইচ





