চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ নারী বাস সার্ভিস। গোলাপি রঙের এ বাসে চালক, সহকারী ও যাত্রী—সবাই থাকবেন নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দেওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় চট্টগ্রামে নারী বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, এ বাসের চালক ও সহকারী সবাই নারী। নারীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্র জানায়, শুরুতে দুটি বাস দিয়ে সার্ভিসটি চালু করা হয়েছে। এর মধ্যে একটি দ্বিতল বাস, যাতে ৭৫টি আসন রয়েছে। অপর বাসটিতে আসন সংখ্যা ৪৫টি।
দ্বিতল বাসে একজন নারী চালকের পাশাপাশি দায়িত্ব পালন করবেন দুজন নারী সহকারী। অন্য বাসে থাকবেন একজন নারী চালক ও একজন নারী সহকারী।
প্রাথমিকভাবে বাসগুলো ২২ থেকে ২৫ কিলোমিটার দূরত্বের রুটে চলাচল করবে। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর কালুরঘাট কিংবা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া ৬৮ টাকা।
নারীদের জন্য আলাদা বাস চালু হওয়ায় যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তি ও উচ্ছ্বাস। তাদের ভাষ্য, সাধারণ গণপরিবহনে চলাচলের সময় নানা ধরনের হয়রানি ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নারী যাত্রী ও কর্মীদের জন্য পৃথক বাস চালু হলে এসব সমস্যা অনেকটাই কমে আসবে।
যাত্রী জেরিন বলেন, সাধারণ বাসে অনেক সময় ইভটিজিং ও হয়রানির শিকার হতে হয়। আবার নারী যাত্রী কম থাকলে বাসে উঠতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এখানে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী হওয়ায় আমরা অনেক বেশি নিরাপদ অনুভব করছি।
আরেক যাত্রী রুমা আক্তার বলেন, নারীদের জন্য আলাদা বাস চালুর দাবি অনেক দিনের। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের বাসের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান।
বাসটির নারী চালক বলেন, নারী চালক, সহকারী ও যাত্রীদের নিয়ে বাস পরিচালনা করতে পেরে তিনি গর্বিত। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।
সংশ্লিষ্টরা জানান, আপাতত দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা, সেবার অভিজ্ঞতা ও পরিচালন পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ সার্ভিসের পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালকসহ বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





