চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা এক মধ্যবয়সী নারীর অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর নতুন ফিশারিঘাট এলাকায় নদীর তীরে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি নদীর তীরে আটকে যায়।
তিনি জানান, নিহত নারীর বয়স আনুমানিক মধ্যবয়সী। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির বাঁ পা ভাঙা এবং গোড়ালিতে আঘাতের চিহ্নের মতো কিছু দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহটি কীভাবে নদীতে এলো এবং ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ কী—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





