রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে রিপন চাকমা (১৪) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজ্জাতলি মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার কারণে সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থেকে পড়াশোনা করত বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রিপন এক প্রতিবেশীর বাড়ি থেকে পানি আনতে যায়। ওই সময় সেখানে স্বপন চাকমাও ছিলেন। একপর্যায়ে স্বপন তাকে একটি কক্ষে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই কক্ষে ধারালো অস্ত্র দিয়ে রিপনের বুকে আঘাত করা হয়। পরে তার গলায়ও আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় স্বপন চাকমাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top