চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি অস্থায়ী মোবাইল চেকপোস্ট বসানো হয়। রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।
মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও বিজিবির উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ ঘুরে তাইন্দংয়ের দিকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়।
প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে প্রবেশ করে। ওই সময় বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু রাস্তার কারণে বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব বেড়ে যায়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। তাঁর দাবি, খাগড়াছড়িতে এটাই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের অবৈধ প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





