২০২৭ সালের হজ সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৭ সালের পবিত্র হজ মৌসুম শুরু হতে এখনো বেশ কয়েক মাস বাকি। তবে হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব।

এর অংশ হিসেবে বিশ্বের ৭৫টির বেশি দেশের হজবিষয়ক কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর হজ ব্যবস্থাপনা পরিকল্পনা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নিয়মকানুন, নির্দেশনা ও বিভিন্ন দেশের চাহিদা নিয়ে আলোচনা করা হচ্ছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগাম সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি হজ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের জন্য সেবার মান উন্নত করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশের পর থেকে শুরু করে পবিত্র হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এ কাজে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও অন্যান্য সক্ষমতা কাজে লাগানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে নেওয়া ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিটির মূল উদ্দেশ্য হলো হজ ও ওমরাহ পালনকারীদের সেবা আরও উন্নত করা এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতাকে সহজ, নিরাপদ ও মানসম্মত করা।

সৌদি কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরেই হজ মৌসুম শুরুর অনেক আগে থেকে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে। এবারও আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে আগাম সমন্বয়ের মাধ্যমে বিপুলসংখ্যক হজযাত্রীর যাতায়াত, আবাসন ও অন্যান্য সেবা আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় আশা করছে, আগাম পরিকল্পনা ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় জোরদারের ফলে ২০২৭ সালের হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের জন্য আরও উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সূত্র: গালফ নিউজ

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top