সন্দ্বীপ প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্র সাইয়েদ মুনিপ আহমেদ শানের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে শানের জেঠা যুক্তরাষ্ট্রপ্রবাসী ফোরকান মুঠোফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
শানের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মডেল স্কুলের হিসাবরক্ষক মো. ওমর হায়দার শাহেদ জানান, গত ১৫ আগস্ট শনিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে শানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোমবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে কীভাবে শানের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্বজনরা।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





