রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল দক্ষিণ পাড়া সংলগ্ন তুলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইছামতী খাল থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে—এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতুর নেতৃত্বে অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইছামতী খাল থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

খাল রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top