ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, মূলহোতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারের পর সোমবার (১৭ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

পিবিআই জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর নগরের কে.সি. দে রোডস্থ শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মুখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় পুলক দাশের কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলাটির তদন্তে নেমে ধারাবাহিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট ভুয়া ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে লুটের ঘটনায় চক্রটির মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার তদন্ত ও গ্রেপ্তার আসামির জবানবন্দিতে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যসহ ঘটনার বিস্তারিত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top