রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার মো. সোহেলের ছেলে মো. সনেট (২৮) এবং রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের বিজয়নগর এলাকার হাসমত আলীর ছেলে মো. কুদ্দুস (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। আদালত মো. সনেটকে ৭ দিনের এবং মো. কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. নাজমুল হাসান।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





