কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে দেখা মিলেছে বিরল প্রজাতির ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপের। পরে বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেছেন।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ১ নম্বর গেইটের নিরাপত্তা অফিস এলাকায় সাপটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ‘ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
ইমরান হোসেন ইমন জানান, স্থানীয়ভাবে ‘পাকড়া উদয়কাল’ নামে পরিচিত সাপটির ইংরেজি নাম ‘White-barred Kukri’। এটি বিষধর নয় এবং প্রজাতিটি তুলনামূলকভাবে বিরল। উদ্ধারের পর সাপটিকে বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরে বন বিভাগের ব্যবস্থাপনায় উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সাপটিকে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইমরান হোসেন ইমন বলেন, লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা করা উচিত নয়। বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল কিংবা বন বিভাগকে খবর দিলে সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





