চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদরের এন্ডারসন রোড এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. হানিফ (৫৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সৌদিয়া নামের ওই হোটেলটির তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. হানিফ ঢাকার মিরপুর এলাকার সিকান্দার কাজীর ছেলে বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১১টার দিকে নৈশভোজের জন্য শেষবারের মতো কক্ষ থেকে বের হন হানিফ। পরদিন সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজের অংশ হিসেবে কক্ষে গিয়ে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই হোটেল ম্যানেজার পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় হোটেলের এন্ট্রি রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অপমৃত্যু মামলা দায়েরের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
চাটগাঁ নিউজ/জেএইচ





