চাটগাঁ নিউজ ডেস্ক: ব্যাটারিচালিত অটোরিকশাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন ব্যবস্থার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, এসব অটোরিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার শর্ত আরোপ করা হবে। নির্ধারিত পদ্ধতির বাইরে ব্যাটারি চার্জ করা হলে নিবন্ধন ও নিবন্ধন নবায়ন—দুটিই বন্ধ রাখা হবে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের সময় কিছু নির্দিষ্ট শর্ত থাকবে। এর মধ্যে অন্যতম হলো—অটোরিকশায় ব্যবহৃত ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।
তিনি জানান, ভবিষ্যতে এসব অটোরিকশার নিবন্ধন আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে দেওয়া হবে না। সিটি করপোরেশন ও পৌরসভা থেকেই নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে বর্তমানে বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
প্রস্তাবিত বিধিমালায় অটোরিকশার নিবন্ধন ও নবায়ন ফি, নিবন্ধনের শর্তসহ অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
অটোরিকশার ফিটনেস নিশ্চিত করার বিষয়েও নতুন নিয়ম চালুর কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধন বা নবায়নের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নিতে হবে।
ফিটনেস সনদ পাওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট পৌরসভায় জমা দিলে নিবন্ধন বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





