রাতভর বৃষ্টিতে চট্টগ্রামে নিচু এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে অফিসগামীরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধ সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা।

নগরের মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তক ও আগ্রাবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি থাকায় বাধ্য হয়ে সেই পানি পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।

তৌফিকুল আলম নামে অফিসগামী এক ব্যক্তি বলেন, সকালে বাসা থেকে বের হয়ে দেখেন সড়কে পানি জমে রয়েছে। বাধ্য হয়ে পানি মাড়িয়েই অফিসে যেতে হয়েছে তাকে। তার অভিযোগ, বৃষ্টি হলেই প্রতিবছর নগরবাসীকে একই ধরনের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন সময় জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা বলা হলেও স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায়ই ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top