লঘুচাপ ঘনীভূত, চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চাটগাঁ নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপটি আরও শক্তিশালী হলে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র এলাকায় আবহাওয়ার পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top