চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে প্রাইভেটকারের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাউজান থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার হেফাজত থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে বলে জানা গেছে।
আজ বুধবার (১২ আগস্ট) বেলা ২ টায় এ ঘটনায় আটককৃত ব্যক্তিসহ আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬)।
মামলার এজাহারে আরো ৩ জনকে অভিযুক্ত করা হয়। তারা হলেন— মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনের সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহম্মদ উল্লাহ জানান, গত তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। তার কাতার প্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার জন্য বিভিন্ন ব্যাংক হিসাব থেকে টাকা পাঠান। গত মঙ্গলবার তিনি ৪টি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে আসেন। সেখান থেকে সাড়ে ২৩ লাখ টাকা ইট কেনার অগ্রিম মূল্য হিসেবে দেওয়ার জন্য ব্যাগে করে নিয়ে একটি প্রাইভেটকারে করে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুই বন্ধু আরফাত ও নয়ন। তারা সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে দরজা খুলতে বলে। পরে গাড়ির দরজা খোলার পর ভুক্তভোগী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কাছে থাকা মালামাল দিয়ে দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে ব্যাগে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এমন সময় শোর-চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি পরে বিষয়টি রাউজান থানা পুলিশকে ফোনে জানানো হয়।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করেছে। এবং একজনকে আটক করেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সংবাদ পায় এক প্রবাসী ছিনতাইয়ের শিকার হন। আমি তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর এলাকার মো. জয়নাল আবেদীনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা ভুক্তভোগী ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





