গফুর হালী চাটগাঁইয়া গানের দিকপাল: চবি উপাচার্য

চাটগাঁ নিউজ ডেস্ক : চাটগাঁইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. সেলিম জাহাঙ্গীর এবং কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আবদুল গফুর হালী চাটগাঁইয়া গানে বাঁকবদল ঘটিয়েছেন। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের নবযুগের স্রষ্টা। তাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হোক।

ড. সেলিম জাহাঙ্গীর বলেন, আবদুল গফুর হালী শুধু একজন গীতিকার বা শিল্পী ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামের লোকসংগীতের একজন গুরুত্বপূর্ণ গবেষক ও সাধক। তাঁর সৃষ্টি ও সাধনা চাটগাঁইয়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, আবদুল গফুর হালী ছিলেন মাটির মানুষ। তিনি সুর সাধনায় চিরদিন নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর মতো কালজয়ী শিল্পীর যথাযথ মূল্যায়ন ও সংরক্ষণ প্রয়োজন।

অনুষ্ঠানে গানে-কথায় আবদুল গফুর হালীর জীবন, কর্ম ও সংগীতসাধনা তুলে ধরা হয়। জমজমাট এ আয়োজনে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের শিল্পী কল্যাণী ঘোষ, শিল্পী আবদুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়ন শীল ও জাবেদ হালী। তাঁদের পরিবেশনায় আবদুল গফুর হালীর সৃষ্ট গানসহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঞ্চলিক ও মাইজভাণ্ডারী সংগীত পরিবেশিত হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top