চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি!
বিদ্যুৎহীন ফটিকছড়ির লেলাং

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার চম্পাতলীতে গহিরা-ফটিকছড়ি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সম্প্রতি চুরি ও ডাকাতির উপদ্রব বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে ফটিকছড়ি থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টায় লেলাং ইউনিয়নের ইসলামিয়া বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

তবে সভা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শাহনগরের চম্পাতলী এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। এতে শুক্রবার রাত থেকেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার সারাদিন বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।

পুলিশের মতবিনিময় সভার কয়েক ঘণ্টার মধ্যেই এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন। তিনি বলেন, চোর চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে, পুলিশি সভার কয়েক ঘণ্টার মধ্যেই তারা এমন দুঃসাহস দেখিয়েছে।

এলাকাবাসী দ্রুত চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আবুল বাসার শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাহনগরে আমাদের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, স্থানীয়রা বিষয়টি তাকে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top