চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া উপজেলা ও থানা’ গঠনের দাবিতে মহাসমাবেশ করেছে সাতকানিয়ার ৬ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া’ নামে উপজেলা ও থানা গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি দোহাজারীকে ‘এক নম্বর পৌরসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীহাট চত্বরে ‘উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জসীম উদ্দীন আহমেদ বলেন, উত্তর সাতকানিয়া উপজেলা গঠনের দাবি দীর্ঘদিনের। সরকার ইতোমধ্যে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ৬টি ইউনিয়নের মানুষের প্রশাসনিক সেবা সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। উত্তর সাতকানিয়ার মানুষের এ অর্জন ধরে রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমার নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি করে, মানুষের ওপর জুলুম করে কিংবা সাধারণ মানুষকে হয়রানি করে, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমার নাম ভাঙিয়ে কেউ মানুষের কাছ থেকে টাকা আদায় করলে, ব্যবসায়ী বা পরিবহন শ্রমিকদের ভয়ভীতি দেখালে কিংবা নিরীহ মানুষের ওপর প্রভাব খাটালে তাকে ধরে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখবেন। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের ওপর জুলুম করার সুযোগ করে দেওয়ার জন্য নয়।
সাতকানিয়ার ৬টি ইউনিয়ন ও দোহাজারী পৌরসভা নিয়ে ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ বাস্তবায়নের দাবি জানিয়ে আসা দোহাজারীবাসীর উদ্দেশে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত হওয়া যাবে না। বটবাহিনী ও গুপ্তবাহিনীর প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে। দোহাজারীর উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মহাসমাবেশে কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ছয়টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ মিছিল সহকারে যোগ দেন।
স্থানীয়রা জানায়, বর্তমান উপজেলা সদর থেকে ভৌগোলিক দূরত্বের কারণে প্রশাসনিক ও পুলিশি সেবা গ্রহণে দীর্ঘদিন ধরে তাদের সময় ও অর্থ ব্যয়সহ নানা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পৃথক উপজেলা ও থানা গঠিত হলে প্রশাসনিক কাজকর্ম সহজতর হবে এবং সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমে আসবে।
এই দাবির ধারাবাহিকতায় প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রেরণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করে। এর পরপরই, গত ২৯ সেপ্টেম্বর প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানা গঠনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত ও জনমত যাচাইয়ের লক্ষ্যে কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিনের দাবির পর প্রশাসনিক পদক্ষেপ এবং গণশুনানির পটভূমিতে সংসদ সদস্যের এই আনুষ্ঠানিক ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
তবে প্রস্তাবিত উপজেলা ও থানা গঠনের বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়ন হওয়া এখন সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত ও দাপ্তরিক অনুমোদনের ওপর নির্ভর করছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






