ফুটপাতের ৬০০ দোকান উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। অভিযানে রাস্তার ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার ওষুধ ছিটানোসহ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাতসহ প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয় এবং শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ মশার ওষুধ স্প্রে করার পাশাপাশি নর্দমা ও জমানো পানি পরিষ্কার এবং ময়লার ভাগাড় উচ্ছেদ করে। ড্রেনের জমাটবদ্ধ পানি নিষ্কাশনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top