খোঁজ মিলেছে নিখোঁজ মুগ্ধের

চাটগাঁ নিউজ ডেস্ক : এসএসসির ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রামের কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধের (১৬) খোঁজ মিলেছে।

বুধবার (১২ আগস্ট) সকালে নগরের লালদীঘি পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মুগ্ধের মা দোদুলচাঁপা দে বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে লালদীঘি পাড়ে মানুষ বসার সিঁড়িতে মুগ্ধকে শুয়ে থাকতে দেখা যায়। আমার চাচা হাঁটতে গিয়ে তাকে দেখতে পান। পরে আমাদের খবর দিলে পুলিশসহ সেখানে গিয়ে তাকে উদ্ধার করি।

তিনি বলেন, বাড়িতে আসার পর থেকেই মুগ্ধ ঘুমাচ্ছে। এখনো ঘুম থেকে ওঠেনি। তাই কীভাবে সে সেখানে গেল বা কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

এর আগে সোমবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের কোতোয়ালী থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মুগ্ধ। সে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘এ’ গ্রেড পায় সে।

মুগ্ধের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। দুই দিন ধরে স্বজনদের পাশাপাশি পুলিশও তার সন্ধানে তৎপর ছিল। অবশেষে বুধবার সকালে লালদীঘি পাড়ে তার সন্ধান পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top