বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শুরু হবে। এদিন বিকেল ৪টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো মনোনয়নপত্র জমা দিতে পারবে।

আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইতিমধ্যে নির্বাচনের তফসিলের সময়সূচির প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট (মঙ্গলবার)। ভোটগ্রহণের তারিখ ও সময় ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা সংসদ অধিবেশন কক্ষে।

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী রয়েছে। সরকার দলীয় বিএনপির প্রার্থী পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থীও থাকছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্ণেল অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে বিএনপি দুটি মনোনয়ন গ্রহণ করেছে আর ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এগুলো আগামীকাল বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনি কর্তার দফতরে জমা দিতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে ইতিমধ্যে আগামী ২০ আগস্ট সংসদ ভবনে সংসদ সদস্যদের ডাকা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ওইদিন দুপুর ২টা থেকে এ বৈঠক শুরু হবে। এক্ষেত্রে সংসদের সাধারণ ও সংরক্ষিত আসন মিলে ৩৪৯ জন এমপি ভোট দেবেন।

তবে চট্টগ্রাম-৪ আসনে নির্বাচিত প্রার্থীকে আদালত অযোগ্য ঘোষণা করায় আসনটি শূন্য রয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ব্যালট পেপারটা আমরা ছাপাব। এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে চারটা তথ্য থাকে- ব্যালটের ক্রমিক, যিনি ভোটার তাঁর নাম, বিভক্তি নম্বর আর একটা স্পেস আছে যেখানে তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালট, সেই ব্যালটটায়, যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে। সেই স্পেসে (প্রার্থীর নামের পাশে) ওনারা (সংসদ সদস্যরা) পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এইটাই এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব।’

তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যাকে ভোট দেবেন, তাঁর নামের পাশে যে স্পেসটা আছে সেখানে তিনি স্বাক্ষর করবেন। এটাই আমি বোঝাতে চেয়েছি।’

সাংবাদিকদের উপস্থিতি ভোটগ্রহণ করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘শুরুতে লাইভ টেলিকাস্ট করা হবে। ২০ আগস্ট ভোটটা হবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব-স্ব অবস্থানে তাদের আসনে বসবেন।’

তিনি বলেন, ‘আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ, আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দিব। পৌঁছে দেওয়ার পরে তারা তাদের মনোনীত প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে ৩টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে, ৩টা ব্যালট বক্সের যেকোনো একটায় তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার। এবং আমরা বিকাল ৫টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে কারণ যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন ৫টা পর্যন্ত কন্টিনিউ করে। ৫টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব।’

তিনি বলেন, ‘মোট ব্যালট হচ্ছে ৩৪৯টা। বৈধ কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা প্রার্থীদের ভেতরে পাওয়া গেছে, এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের নির্বাচনে যিনি আহ্বান করবেন নির্বাচন কর্তা অর্থাৎ সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব।’

গত ২৪ জুলাই ২২ তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top