চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের সবাই সেখানে অবস্থান করা পর্যটক বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উখিয়ার ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টার দিকে আগুন নেভাতে তারা সক্ষম হয়। পরে সেখান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকাণ্ডের পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ আগুন নেভানোর পরিবর্তে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন পর্যটক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ কক্সবাজার মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।






