সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদলকর্মী নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির ইউসুফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাপ্পি শুক্রবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ১০/১৫ জনের একটি দল অলিনগরে যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে মোটর সাইকেল চালিয়ে আসার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় তার সাথে থাকা শাওনও গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, সাগর থেকে বালু উত্তোলনসহ আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ






