ফটিকছড়ি প্রতিনিধি: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে র্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা-বাগানের মাঠ প্রাঙ্গণে বাগানের শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানও দেন তারা।
শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ।
এ সময় বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ।
এ ছাড়া নারী চা শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





